দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তরের ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে।
এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব।সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে গতকাল রোববার এসব বিষয়ে আলোচনা করেন দেশটি সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আজ সোমবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের সঙ্গে এলএনজি সরবরাহের সম্ভাবনা এবং সৌদি আরবের প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে।সৌদি আরবের বিদ্যুৎ–বিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা তামের সেজ সেহানের সঙ্গে পৃথক বৈঠক করেন জ্বালানি প্রতিমন্ত্রী।সৌদি আরবের বিদ্যুৎ–বিষয়ক সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদের সহযোগিতা চাওয়া হয়।
সূত্র: প্রথম আলো