‘স্থানীয় রাজনীতিতে দলিত নারীর অধিকার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক বৈঠকটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযান ও প্রথম আলো।‘আমার এলাকায় দলিতদের ১ হাজার ৮০০ ভোট আছে। নির্বাচনে দাঁড়ানোর জন্য মনে শক্তি আছে। কিন্তু নিরাপত্তা পাচ্ছি না।’ ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সোনামনি মোদক বললেন এ কথা। তিনি ঢাকার কেরানীগঞ্জে বাস করা দলিত জনগোষ্ঠীর নারী।
তাঁর মতে, দলিত নারীরা নির্বাচনে অংশ নিতে চাইলে এলাকার প্রভাবশালী প্রার্থীরা ধমক দিয়ে বলেন, ‘তুই পারবি নাকি!’ একই মন্তব্য করে একই এলাকার আরেক দলিত নারী সাথী সরকার বললেন, নিরাপত্তা ও পাশে থাকার আশ্বাস না পেলে কোনো দলিত নারী নির্বাচনে অংশ নিতে পারবেন না।গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত হয়ে আসা এই দলিত নারীরা জানালেন কীভাবে নির্বাচনে প্রার্থী হতে তাঁরা প্রতিবন্ধকতার মধ্যে পড়েন।
লিপি সরকার, তিথি মণ্ডল ও শম্পা রানী দাশ নামের আরও তিন দলিত নারী জানান, কখনো নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক দলগুলোকে পাশে না পাওয়া, কখনো পরিবারের বাধা ও সমাজের কটূক্তির কারণে তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারছেন না।‘স্থানীয় রাজনীতিতে দলিত নারীর অধিকার: চ্যালেঞ্জ ও করণীয়’ শিরোনামে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযান ও প্রথম আলো।
সূত্র: প্রথম আলো