বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবকাঠামো বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সড়ক, সেতু, বিদ্যুৎ, বন্দর ও নগর পরিবহনের সম্প্রসারণ যোগাযোগব্যবস্থা উন্নত করেছে এবং উৎপাদন, বাণিজ্য ও বাজারে প্রবেশ সহজ করেছে। বড় ও জটিল অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও বাংলাদেশ দেখিয়েছে। বাংলাদেশে আরও অবকাঠামো বিনিয়োগ প্রয়োজন।
তবে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকারি বিনিয়োগ কতটা দক্ষতার সঙ্গে, যৌক্তিক ব্যয়ে ও নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর অবকাঠামোয় রূপান্তর করা যাচ্ছে।সরকারের আর্থিক সক্ষমতার ওপর চাপ বাড়ার কারণে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সরকারি অর্থের চাহিদা অনেক, কিন্তু রাজস্ব আহরণ দুর্বল। একটি প্রকল্প দুর্বল প্রস্তুতি বা বিলম্বের কারণে যত অতিরিক্ত অর্থ ব্যয় করে, ততই অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের সুযোগ কমে যায়।
তাই প্রকল্প বাস্তবায়নের দক্ষতা শুধু প্রশাসনিক বিষয় নয়।
সূত্র: প্রথম আলো