ভাদ্রের দুপুর। তপ্ত রোদে অজান্তেই মনে জাগে চিরচেনা আকুতি ‘তালপাকা গরম’! গ্রামবাংলার পথে-প্রান্তরে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে তালগাছ। মাথার ওপর গোল গোল পাতার মুকুট। বাতাস এলে পাতাগুলো কেঁপে ওঠে। দেখে মনে হয় গাছটি বুঝি আকাশের সঙ্গে গোপনে আলাপ করছে। নিচে পড়ে থাকা পাকা তালের ম-ম ঘ্রাণে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। কেউ তাল কুড়াচ্ছে কেউবা তাল নিয়ে ফিরছেন বাড়ির পথে।
কোনো ঘরে হয়তো ইতিমধ্যে শুরু হয়েছে তালের বড়া, পিঠা কিংবা পায়েস তৈরির আয়োজন। কড়াইয়ে বড়া ভাজার মিষ্টি ঘ্রাণ যেন জানিয়ে দেয় শরৎ এসেছে তার চেনা স্বাদ আর স্নিগ্ধ আমেজ নিয়ে।ঋতুচক্রে তাল শরতের এক পরিচিত উপহার। কচি তালশাঁস থেকে পাকা ফল, পাল্প থেকে বড়া-পিঠা, রস থেকে গুড়—নানা রূপে তাল জায়গা করে নিয়েছে বাঙালির খাদ্যসংস্কৃতিতে।
স্বাদ ও ঐতিহ্যের পাশাপাশি মৌসুমি এই ফলের পুষ্টিগুণও একে করে তুলেছে গুরুত্বপূর্ণ।কচি তাল কাটলে পাওয়া যায় নরম, স্বচ্ছ ও রসালো শাঁস।
সূত্র: প্রথম আলো