আফ্রিকার জিবুতি উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু। এ ঘটনায় এখনো ৮৪ জন নিখোঁজ বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।গতকাল রোববার এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময়ে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানটি এডেন উপসাগরে বাব আল-মানদেব প্রণালির কাছে।৩০০ জনের বেশি মানুষ নিয়ে নৌকাটি পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নৌকাডুবির পর ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা গেছে। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক।
জিবুতি কর্তৃপক্ষ ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক এত মানুষের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘জরুরি সহায়তা দিতে আমাদের দলগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।’আলেক্সান্দ্রে কোইসাক আরও বলেন, মৃতের এই সংখ্যায় শুধু জিবুতি কর্তৃপক্ষ যাঁদের কবর দিয়েছে, তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো