উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। ঢাকার বাইরে এটিই টুর্নামেন্টের শেষ আঞ্চলিক পর্ব, যেখানে খেলছে চট্টগ্রাম অঞ্চলের ছয়টি দল। দুদিনের প্রতিযোগিতার শেষ দিন আগামীকাল। চট্টগ্রাম থেকে একটি দল চূড়ান্ত পর্বে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠবে।
এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট অঞ্চল থেকে পাঁচটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।আজ সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত বাজিয়ে এবং জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা কিশোরী ফুটবলারদের করতালির মাধ্যমে স্বাগত জানান অতিথিরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি ফুটবল একাডেমি।
সূত্র: প্রথম আলো