নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথম আগুন লাগে।
মুহূর্তের মধ্যে তা আশপাশের গুদামগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ২৬টি গুদামের ঝুটের কাপড়সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।পুড়ে যাওয়া কয়েকটি গুদামের মালিক ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, রাতে হঠাৎ একটি গুদামে আগুন লাগে, পরে তা অন্য গুদামে ছড়িয়ে যায়।
সূত্র: প্রথম আলো