ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ আজ সোমবার প্রায় ফাঁকা দেখা গেছে। উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এভিয়েশন অ্যানালিটিকস ফার্ম সিরিয়ামের হিসাবে, আজ রিয়াদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হয়ে থাকতে পারে।জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর।
সিরিয়ামের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিমানবন্দরটির নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়।আজ সৌদি আরবজুড়ে নির্ধারিত ফ্লাইটের এক-তৃতীয়াংশের বেশি চলাচল করবে না বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর হিসাবে, রিয়াদ বিমানবন্দরে আজ প্রায় ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে।গতকালও রিয়াদের বিমানবন্দর বন্ধ ছিল।
এর আগে সেখানে এক হামলায় একজন নিহত এবং প্রায় ১২ জন আহত হন।আগের দিন গত শনিবার বিমানবন্দরটিতে আরেকটি বড় হামলা হয়েছিল।
সূত্র: প্রথম আলো