আমরা ঘুমাই, কারণ শরীর ক্লান্ত হয়ে পড়ে। তখন ঘুমপাড়ানি মাসিপিসি আমাদের মন্ত্রণা দেয়, ঘুমিয়ে পড়ো! এই মাসি বা পিসি আর কেউ নয়, আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের একটা ছন্দ আছে। তুমি যদি নিয়মিত রাত ৯টায় ঘুমাতে যাও, তবে ঘুমাতে ঘুমাতে হয়তো রাত ১০টা। বিকেলে ঘুমালেও রাতের ওই সময়ে আবারও ঘুমাতে পারবে শুয়ে পড়লে। মস্তিষ্কের এ ছন্দ প্রায় ৫০ হাজার কোষ নিয়ন্ত্রণ করে। ‘মস্তিষ্কের ঘড়ি’ নামে পরিচিত এ অঞ্চলটির নাম হাইপোথ্যালামাস।
এটি মূলত দিনের আলো, খাওয়াদাওয়া এবং শরীরের তাপমাত্রা দিয়ে প্রভাবিত হয়। আমরা যখন ছোট ছিলাম, তখন আরও বেশি ঘুমের প্রয়োজন হতো। তবে বয়স্কদেরও অন্তত পাঁচ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে স্বাস্থ্য খারাপ হতে পারে।নবজাতক শিশুদের সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয়, প্রতিদিন প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ততুমি যদি ঘুমাতে না পারো, তবে একটু অন্ধকার ও নিরিবিলি জায়গায় যাও। দুশ্চিন্তা বন্ধ করো এবং শরীরকে একটু শিথিল হতে সময় দাও।
দেখবে, ঘুমপাড়ানি মাসিপিসি সযত্নে দুচোখ বুজিয়ে দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো