মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ৮৪টি পূজামণ্ডপ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছে। বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের চেয়ারম্যান অনিরুদ্ধ কুমার রায়ের উদ্যোগে আজ সোমবার বিকেলে উপজেলার আঙ্গারিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়।আয়োজক সূত্রে জানা গেছে, ২৬ বছর ধরে দুর্গোৎসবে এ সহায়তা দিয়ে আসছেন অনিরুদ্ধ কুমার রায়।
তাঁর মা শ্রীমতী গীতা রায়ের নামে তিনি এ সহায়তা করে আসছেন।অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিঙ্গাইর উপজেলা শাখার আহ্বায়ক সজীব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন নাহার, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
সূত্র: প্রথম আলো