এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা নিতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আর এসএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে এ বছর তা সম্ভব নয়। পরবর্তী বছর থেকে তা সম্ভব বলে মত দিয়েছে বোর্ডগুলো।
আজ সোমবার এ বিষয়ে মন্ত্রণালয়কে নিজেদের মতামত জানিয়েছে বোর্ডগুলো। এখন সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ প্রথম আলোকে বলেন, বোর্ডগুলো তিন মাসের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুত আছে। এ বিষয়ে মন্ত্রণালয়কে মতামত দেওয়া হয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
এ বছরই এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব বলেও তাঁরা জানিয়েছেন।নাম প্রকাশ না কারা শর্তে শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কয়টি বিষয়ে ফেল করলে তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, আবার উচ্চশিক্ষার ভর্তির বিষয়টি রয়েছে।
সূত্র: প্রথম আলো