চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২০০ কোটি টাকার বেশি স্থায়ী আমানত হিসেবে রাখা আছে তারল্যসংকটে থাকা ছয়টি ব্যাংকে। আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি থাকলেও বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্ভাব্য ক্ষতির জন্য হিসাবভিত্তিক কোনো সংস্থান রাখেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়ে একটি নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। আজ সোমবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটিতে ওই প্রতিবেদন দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ টাকা এখন ফেরত পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ব্যাংকে রাখা মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনার বিষয়ে উদ্যোগ নিতে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে সংসদীয় কমিটি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের একটি নিরীক্ষা প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হয়।প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে মোট ১১ হাজার ১৩৩ কোটি টাকা আছে।
সূত্র: প্রথম আলো