কক্ষের এক কোণে রাখা স্টিলের র্যাকে সাজানো শার্ট, প্যান্ট ও লুঙ্গি। একটু দূরে চার-পাঁচটি চেয়ার ও একটি টেবিল। টেবিলের ওপর পানির বোতল, খাবারের বাটিসহ নানা জিনিসপত্র। পাশেই বড় একটি খাট, বিছানার ওপর দুটি বালিশ। এই দৃশ্য দেখে মনে হওয়া স্বাভাবিক, এটি কোনো শোবার ঘর। কিন্তু কক্ষটি কোনো শোবার ঘর নয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের ২১১ নম্বর কক্ষ।
যে কক্ষে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ ও টেবিল থাকার কথা, সেখানে রয়েছে খাটসহ আবাসিক কক্ষের নানা সরঞ্জাম।কলেজ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম কক্ষটি ব্যবহার করেন। তবে অধ্যক্ষ দাবি করেন, এই কক্ষে তিনি রাত্রিযাপন করেন না।আজ সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে ওই কক্ষে দেখা যায়।
অভিযোগ রয়েছে, বাসাভাড়াসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পরও তিনি নিজের ব্যবহারের জন্য শ্রেণিকক্ষে খাট, চেয়ার ও টেবিল রেখেছেন।
সূত্র: প্রথম আলো