‘বৃষ্টিকে আমরা হারাতে চাই না’—এ শিরোনামে একটি ফেসবুক পোস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে, তথা শিক্ষার্থীদের ফেসবুকে শেয়ার করা হচ্ছে। বৃষ্টির পুরো নাম বৃষ্টি প্রামাণিক। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ছিল।বৃষ্টি ক্যাম্পাসে খুব পরিচিত মুখ ছিল।
একাডেমিক কার্যক্রমের বাইরেও তার গঠনমূলক কর্মকাণ্ড, বিনয়ী আচরণের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে খুব পছন্দের ছিল। প্রথম যখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তখনই সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামে (বিআরইউডিএফ) বিতর্ক শুরু করে। এখানে সে সহসাংস্কৃতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছিল। পরে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। যেকোনো অনুষ্ঠানে তার উপস্থাপনা প্রাণবন্ত-সাবলীল।
উপস্থাপনাগুণে অনুষ্ঠান প্রাণ লাভ করত।প্রথম আলো বন্ধুসভার সঙ্গেও বৃষ্টি যুক্ত ছিল।
সূত্র: প্রথম আলো