বাংলাদেশ পুলিশে ১৭তম গ্রেডে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা, যা ইউজার আইডি পাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সংযোগ থেকে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি প্রয়োজন। তবে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণকালীন বিনা মূল্যে থাকা-খাওয়া, পোশাক ও চিকিৎসা সুবিধার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী মাসিক ভাতা দেওয়া হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: প্রথম আলো