প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার, নতুন সুযোগের সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাহদী আমিনের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, যা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে সুসংহত হয়েছিল, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।এ সময় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের শীর্ষ বৈঠকের প্রসঙ্গ উঠে আসে।
সূত্র: প্রথম আলো