চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি সেখানে দেখা যায়। পচে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চরমুকুন্দি বিলে জমি আবাদের জন্য কচুরিপানা পরিষ্কার করতে যান স্থানীয় কয়েকজন।
কচুরিপানা থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, কচুরিপানার স্তূপের ভেতর কম্বলে মোড়ানো একটি বস্তু থেকে দুর্গন্ধ বের হচ্ছে।বিষয়টি মোবাইলে পুলিশকে জানান ওই ব্যক্তিরা। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরও পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান।
পরে ওই কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা নারীর মরদেহটি গলিত ও বিকৃত।
সূত্র: প্রথম আলো