রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই শ্রমিক হলেন আছাদুল হক ও শিহাব হোসেনে। আছাদুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। শিহাবের বাড়ি রংপুরে।
তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেল পাঁচটার দিকে হঠাৎ ছাদের শাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো