দেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হিসাব এখনো ২০১৮ ও ২০১৯ সালের তথ্যের ওপর নির্ভরশীল। নদী ও সমুদ্রে কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য যাচ্ছে আর কতটা বর্জ্য ল্যান্ডফিলে (ময়লার ভাগাড়) জমা হচ্ছে, তার হালনাগাদ তথ্যের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে প্লাস্টিক বর্জ্যের জাতীয় ভিত্তিমূলক তথ্য হালনাগাদ করতে চায় সরকার।
আজ মঙ্গলবার ঢাকায় ‘ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাংলাদেশ’–এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং চক্রাকার অর্থনীতিতে (সার্কুলার ইকোনমি) উত্তরণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ইউএনডিপি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের যৌথ উদ্যোগে এনপিএপি বাংলাদেশ পরিচালিত হবে।
সূত্র: প্রথম আলো