মাদক কারবারি, চাঁদাবাজ ও জমি দখলকারীরা যে পরিচয় বা অবস্থানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
সভার সঞ্চালনা এবং সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধচিত্র তুলে ধরেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন।ডিএমপি কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে অপরাধের মূল কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
এ জন্য প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যেন তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো