পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজা মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে প্রায় সাড়ে ৩৭ ঘণ্টা লেগেছে। গত সোমবার বিকেলে লাগা এ আগুন আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।আজ সকালে এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, গত সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় তারা।
প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে গুদামে থাকা মালামাল থেকে ধোঁয়া বের হওয়ায় আগুন পুরোপুরি নেভানোর কাজ চলতে থাকে।গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলার গুদামে আগুন লাগে।
সূত্র: প্রথম আলো