লোহার ফটক টপকে যন্তর মন্তরে ঢোকার অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে মন্দির মার্গ থানায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হলে দিল্লি পুলিশের যুক্তি মেনে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিজেপির অন্য নেতা অজিঙ্ক শিন্ডেকে মুক্তি দেওয়া হয়েছে।
তবে শর্ত হলো, তিনি শান্তি ভঙ্গ করতে পারবেন না।গত মঙ্গলবার সকালে আশুতোষ, সৌরভ ও অজিঙ্ক পুলিশের চোখ এড়িয়ে যন্তর মন্তরে ঢুকে পড়েন। ওই চত্বরে ঢোকার জন্য যে কয়েকটি সড়ক রয়েছে, প্রতিটিতেই ব্যারিকেড দেওয়া। সঙ্গে পুলিশি প্রহরা। একটি এলাকায় রয়েছে লোহার ফটক। সিজেপি নেতারা সেই ফটক পেরিয়ে ঢুকে পড়েন।
সঙ্গে ১০–১২ জন সমর্থক।যন্তর মন্তরে ঢুকে সিজেপি নেতারা জাতীয় পতাকা উড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনার (সিজেপি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর বাতিলের দাবি জানানোর পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও কেন্দ্রীয় সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।হতচকিত অবস্থা কাটিয়ে পুলিশ সিজেপি নেতাদের আটক করে।
সূত্র: প্রথম আলো