ঢাকা শহরে সন্তান জন্মদানের জন্য অনেকেরই লাখ লাখ টাকা খরচ হয়। শহর এলাকায় অস্ত্রোপচারে জন্ম হচ্ছে প্রায় ৬০ শতাংশ শিশু। অনেকে সন্তানের জন্ম দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বলে প্রথম আলোর একটি প্রতিবেদনে উল্লেখ আছে। অথচ একটু খোঁজ নিলে বাড়ির কাছেই কম টাকায় সরকারি হাসপাতালের সেবা নেওয়া যায়। মোহাম্মদপুরের বাসিন্দা স্কুলশিক্ষকের দুই সন্তানের জন্মে মোট খরচ হয়েছে ৭৫ টাকা।
নিজের সেই অভিজ্ঞতাই লিখেছেন শিক্ষক নাজমুন নাহারআমার দুই সন্তানের ডেলিভারিতে খরচ হয়েছে মাত্র ৭৫ টাকা। তা–ও দ্বিতীয় সন্তানের সময় জরুরি সেবা নিতে হওয়ায় ৬৫ টাকার টিকিট কাটতে হয়েছিল বলে খরচ বেড়েছে। প্রথম সন্তানের জন্মের সময় ১০ টাকার টিকিট কেটেছিলাম, খরচ বলতে সেটুকুই। তবে দুই সন্তানের জন্য পরে আরও ২০০ টাকা খরচ হয়েছে, সেটা হাসপাতাল থেকে তাদের জন্মসনদ নিতে। ঢাকায় আমাদের ভাড়া বাসা, মোহাম্মদপুরে।
স্বামী, শ্বশুর–শাশুড়ি নিয়ে বিয়ের পর এখানেই সংসার শুরু করি।
সূত্র: প্রথম আলো