মধ্যপ্রাচ্যে নানা দেশের মধ্যে অশান্তি সত্ত্বেও সৌদি আরব দীর্ঘদিন ধরেই নিজেকে এক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উপস্থাপন করে আসছিল।কিন্তু সৌদির রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলা সেই নিরাপত্তার অনুভূতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী পরিবারগুলো এখন দ্বিধায় পড়ে গেছে, তারা কি সত্যিই এই দেশে তাদের জীবন গুছিয়ে নেওয়ার কাজ চালিয়ে যেতে পারবে?গত শনিবারে ইয়েমেনের হুতিরা ‘কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে’ হামলা চালালে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন। এরপর টানা তিন দিন হামলা চালিয়েছে তারা।এই গোষ্ঠীটি পূর্ব সৌদির তেলকেন্দ্র ও দাম্মাম বিমানবন্দরেও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তারা জানিয়েছে, ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে রিয়াদের সমর্থন এবং চলতি বছরের শুরুর দিকে সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলার জবাবেই তারা এই হামলা চালিয়েছে।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘আল আখবারিয়া’-তে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওমরাহর জন্য মক্কায় যাওয়ার অপেক্ষায় থাকা সাদা পোশাক পরিহিত যাত্রীরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করছেন।
সূত্র: প্রথম আলো