রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞার মধ্যে নতুন করে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে দুটি আঞ্চলিক সংগঠন। এতে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়েছেন। দুর্গাপূজার ছুটিতে রিসোর্ট ও কটেজের বুকিং বাতিল হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজার ছুটি ঘিরে আগামী শুক্রবার থেকে চলতি ২৩ অক্টোবর পর্যন্ত সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং ছিল।
তবে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংগঠনের অবরোধ ডাকার পরপর পর্যটকেরা বুকিং বাতিল করছেন। সাজেক জুমঘর রিসোর্টের ব্যবস্থাপক লিগা রায় ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের নিষেধাজ্ঞার পর সাজেক এখন পর্যটকশূন্য। পূজার ছুটিতে আমাদের রিসোর্টের সব রুম বুকিং ছিল। কিন্তু এখন সবাই বুকিং বাতিল করছেন।
ব্যবসার মূল মৌসুমে আমাদের বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে।’সাজেক খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমিরন চাকমা বলেন, তাঁদেরও পুরো রিসোর্ট বুকিং ছিল।
সূত্র: প্রথম আলো