জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। পড়াশোনা শিখেছেন, পা দিয়ে লিখতে শিখেছেন। এরপর নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তুলেছেন বিদ্যালয়। তাঁর বিদ্যালয়ে এখন ১৪৫ শিক্ষার্থী। শিক্ষক রয়েছেন ১০ জন। তাঁর এই জীবনসংগ্রাম ও উদ্যোগের কথা শুনে বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন আলতাফ হোসেন। এ সময় তাঁর সঙ্গে আরও সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশা বেছে নেওয়া নায়লা শারাফ এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো ভোলার রেজাউল কিবরিয়া বাবুল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনজনই।
প্রধানমন্ত্রী তাঁদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন।
সূত্র: প্রথম আলো