সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আদালতে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পুলিশের তৎকালীন মোহাম্মদপুর জোনের ডিবির পরিদর্শক মনিরুজ্জামান সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাঁকে জেরা করেন।
এ নিয়ে মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম প্রথম আলোকে জানান, জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন। একই সঙ্গে মামলার বাদী বদিউল আলম মজুমদারকে আবার জেরার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৯ জুলাই দুজন সাক্ষ্য দেন।
বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় আসামিদের মধ্যে ছয়জন আদালতে হাজিরা দেন।মামলার আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজেদুল ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
সূত্র: প্রথম আলো