ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম অভিজিৎ দাস (৪০)। বুধবার দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। বেলা একটার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো কুশ উদ্ধার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানিয়েছেন, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং বনগাঁ রেলওয়ে স্টেশনের একজন কুলি।
সূত্র: প্রথম আলো