ক্রিকেট বড় অদ্ভুত খেলা। এখানে কেউ ১০০ রান করেও দলকে জেতাতে পারেন না, আবার কেউ একটি রানও না করে হয়ে যেতে পারেন নায়ক। কখনো কখনো শূন্য রানের ইনিংসও যে সেঞ্চুরির মতো মূল্যবান হয়ে ওঠে!ভাবুন তো, একজন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়িয়ে আছেন। একের পর এক বল আসছে। তিনি ঠেকিয়ে যাচ্ছেন। রান নেওয়ার কোনো তাড়া নেই। বাউন্ডারি মারার ইচ্ছাও নেই। ব্যাট যেন তলোয়ার নয়, ঢাল। প্রতিপক্ষের বোলাররা তাঁকে আউট করতে মরিয়া। ফিল্ডাররা অধৈর্য।
দর্শকেরাও হয়তো ভাবছেন, লোকটা একটা রান অন্তত নেবেন কবে! কিন্তু ব্যাটসম্যানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তাঁর কাছে তখন রান করার চেয়ে উইকেটে টিকে থাকাটাই বড় কথা।শেষ পর্যন্ত আউট হলেন। স্কোরবোর্ডে নামের পাশে সেই গোল্লা। শূন্য!ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ডাক’। সাধারণত ব্যাটসম্যানদের কাছে যা লজ্জার, কখনো কখনো সেই শূন্যই হয়ে ওঠে গৌরবের।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কিছু শূন্য রানের ইনিংস আছে, যেগুলো মনে করিয়ে দেয়, ক্রিকেট শুধু রান করার খেলা নয়।
সূত্র: প্রথম আলো