ছোটবেলায় সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প কে পড়েনি? লন্ডনে ফেলুদা গল্প পড়ে কেমব্রিজ শহর দেখার শখ হয়নি, এমন মানুষ পাওয়া যাবে না বোধ হয়। সেই কেমব্রিজ–যাত্রায় বইয়ের পাতার প্রতিটা লাইন যেন জীবন্ত হয়ে উঠছিল। ব্রিটেনের শরৎ আমার ভীষণ প্রিয়। গাছের সবুজ পাতাগুলো ধীরে ধীরে হলুদ, কমলা আর লালচে রং ধারণ করে, ঝরে পড়া পাতায় ঢেকে যায় পথঘাট—প্রকৃতির এই রংবদল আমাকে বরাবরই টানে। তাই শরতের এই সময়ে খুব সকালে কেমব্রিজ দেখতে চলে গেলাম।
সুন্দর শহর কেমব্রিজ। সেখানে ইউনিভার্সিটি দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য নিয়ে। পাশাপাশি অনেকগুলো কলেজ। বিখ্যাত ট্রিনিটি কলেজ, কিংস কলেজ দেখে আশ্চর্যই হতে হয়। শত শত বছরের পুরোনো কলেজগুলো কয়েক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
সময় বদলেছে, শহর বদলেছে, কিন্তু আধুনিকতার জন্য ঐতিহাসিক স্থাপনাগুলো ভেঙে সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হয়নি; বরং ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখার এই চেষ্টা সত্যিই প্রশংসনীয়।ক্যাম নদীতে পান্টিং—রিভার ক্যামে পান্টিং করার সময় চোখ ধাঁধিয়ে যায়।
সূত্র: প্রথম আলো