চট্টগ্রাম নগরে ৬৩ বিদেশি নাগরিককে গত সেপ্টেম্বর মাসে ল্যাপটপ, মুঠোফোন, ১৭০টি ডিভাইসসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়। আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার বিষয়ে তাঁরা মুখ খুলছেন না। এসব ডিভাইস দিয়ে তাঁরা কী করেছেন, কী তাঁদের উদ্দেশ্য, তা জানার জন্য ডিজিটাল ফরেনসিক পরীক্ষা দরকার। একমাত্র ভরসা ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তবে এখন ইলেকট্রনিক নানা ডিভাইস ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য আর ঢাকায় পাঠাতে হবে না। চট্টগ্রামেই করা যাবে এই পরীক্ষা। নগরের দামপাড়া পুলিশ লাইনের ভেতর সিআইডি কার্যালয়ে পাশে গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সাইবার পুলিশ সেন্টার’ সেন্টার উদ্বোধন করেন। জানা গেছে, অন্য অপরাধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে বর্তমানে মামলা রয়েছে ১ হাজার ১১টি।
এর মধ্যে বিচারাধীন ৯৬৭টি।
সূত্র: প্রথম আলো