এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য থেকে যান। এর একটি বড় অংশই এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থী। এমনও দেখা যায়, সব বিষয়েই ভালো নম্বর পেয়েছেন, কিন্তু একটি বিষয়ে কোনো বিশেষ কারণে পরীক্ষা খারাপ হওয়ায় গোটা একটি বছর নষ্ট হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষাজীবন পিছিয়ে যায়, অন্যদিকে শিক্ষার ব্যয় ও মানসিক চাপ বাড়ে।
ফলাফল প্রকাশের পর নতুন শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরুর আগেই অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদেরা করে আসছিলেন।ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। তুলনামূলকভাবে বাংলাদেশে এটি দেরিতে শুরু হচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সরকারি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
সূত্র: প্রথম আলো