চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বহাল আছে। কিন্তু তাঁর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কাজ চলবে কীভাবে, তা অনিশ্চিত। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিন সংগঠন তাঁকে সহযোগিতা না করার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের শাটডাউনও চলছে।
এই অবস্থায় ক্লাস-পরীক্ষা চালু করতে উপাচার্য কী পদক্ষেপ নেবেন, তা স্পষ্ট নয়।প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার ক্যাম্পাস থেকে বের হয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর তাৎক্ষণিক নিরাপত্তার সংকট কেটেছে।বিশ্ববিদ্যালয় পরিচালনার সংকট কাটেনি। এখন তিনি বাইরে থেকে কাজ করুন কিংবা আবার দপ্তরে ফিরুন—দুই ক্ষেত্রেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন।
শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরতে হবে।বিশ্ববিদ্যালয় পরিচালনা একটি যৌথ কাজ।
সূত্র: প্রথম আলো