নেদারল্যান্ডসের একজন নাগরিক যখন একটিমাত্র ডিজিটাল পরিচয় ব্যবহার করে রাষ্ট্রের সব সেবা গ্রহণ করেন, কিংবা ফিলিপাইনের কোনো উপকূলীয় গ্রামের মানুষ টাইফুন আঘাত হানার আগেই পূর্বাভাস পেয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেন, তখন তা প্রযুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই আমাদের সামনে ফুটে ওঠে।
তবে দেশগুলোতে এই প্রযুক্তিনির্ভর বৈশ্বিক কর্মযজ্ঞের পেছনে রয়েছে বাংলাদেশের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান।নেদারল্যান্ডস থেকে ফিলিপাইন, নেপাল থেকে গাম্বিয়া ইউরোপ, এশিয়া ও আফ্রিকার একাধিক দেশে নানা ধরনের সরকারি সেবায় প্রযুক্তিগত সহযোগিতা করছে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি)।
দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার যে স্বাক্ষর অরেঞ্জবিডি রেখে চলেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য এক গর্বের অর্জন।এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, ধারাবাহিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের সক্ষমতা প্রমাণের এক নিরন্তর প্রচেষ্টা।
সূত্র: প্রথম আলো