পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৩৪ শিশু ও ১ জন নারী শিক্ষক রয়েছেন। নিহত শিশুদের অধিকাংশের বয়স ১৩ বছরের কম। আজ বৃহস্পতিবার শহরের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, ভবনের তিনতলার একটি শ্রেণিকক্ষের ছাদ দোতলার ছাদের ওপর ধসে পড়ে, এরপর সেই ভার নিতে না পেরে একতলার ছাদও ধসে পড়ে। এতে প্রতি তলাতেই একটি করে শ্রেণিকক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিক্ষার্থীরা। তবে আটকে পড়া সবাইকে বের করা গেছে বলে পেশোয়ারের ডেপুটি কমিশনার জানিয়েছেন।
ঘটনার সময় ওপরের তলার শ্রেণিকক্ষে ৩০ জন, মাঝের তলায় ৪০ জন এবং নিচতলায় ৪৫ জন শিক্ষার্থী ছিল বলে পুলিশ জানিয়েছে।ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো