নিজের আয়ে চলার জন্য ঘর ছেড়ে চট্টগ্রামে আসে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর তিন কিশোরী। গত রোববার বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তিনজনকে উদ্ধার করে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এরপর ঘর ছাড়ার কারণ জানতে চাইলে পরিবারের কাছে তিন কিশোরী জানায়, নিজের আয়ে চলার জন্য তারা ঘর ছাড়ে। এরপর গৃহকর্মীর কাজ নিয়েছে।বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন কিশোরীকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ার এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার তিনটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানিয়েছে, বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতে তারা চট্টগ্রামে গিয়েছিল।উদ্ধার হওয়া তিন কিশোরীর বয়স ১৩, ১৪ ও ১৭ বছর।
সূত্র: প্রথম আলো