ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন রুখতে দিল্লি অবরুদ্ধ হওয়ায় সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হয়নি।
শান্তিশৃঙ্খলা রক্ষা ও অশান্তি এড়াতে যাবতীয় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কোনো আন্দোলন ঠেকাতে জনজীবন স্তব্ধ করা যায় না বলে সুপ্রিম কোর্ট ৯ অক্টোবর কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ–প্রশাসনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরের দিন দেখা যায়, ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। ২৪০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসানো হয়।
এর ফলে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকার জনজীবন ১০ অক্টোবর পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
সূত্র: প্রথম আলো