এখন থেকে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হবে অনলাইনে। গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর অনলাইন পদ্ধতি চালু করেছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন বাসা বরাদ্দের ফলাফল উদ্বোধন করা হয়। এত দিন ম্যানুয়াল পদ্ধতিতে বাসা বরাদ্দ দেওয়া হতো।প্রথম দফায় বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে আবেদন পড়েছে ৫৯৬টি। এসব আবেদন যাচাই-বাছাই করে ৩৪২টি গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।
প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাতিল হয়েছে ২৫৪টি আবেদন।অনলাইনে বাসা বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। অনুষ্ঠানে তিনি বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজ করা সরকারের অঙ্গীকার।
মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সূত্র: প্রথম আলো