শারদীয় দুর্গাপূজায় এবার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ছুটিতে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার উৎপাদন যথারীতি চলবে।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানিয়েছেন, কারখানার উৎপাদন চালু থাকলেও সনাতন ধর্মাবলম্বীরা পূজার ছুটি পাবেন, যা তাঁদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি হিসেবে বিবেচিত হবে।৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার পূজায় সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে ছুটি ৫ দিনের—২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। সরকারি ছুটির প্রজ্ঞাপনের পর গত ১২ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, বেসরকারি খাতের শিল্প বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে জানান, বছরের শুরুতে ট্রেড ইউনিয়ন বা অংশগ্রহণ কমিটির সঙ্গে আলোচনা করে ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করে প্রতিটি তৈরি পোশাক কারখানা।
সূত্র: প্রথম আলো