ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন স্থানীয় আর দুজন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। পুলিশের ধারণা, স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে সমন্বয় করে জাল নোটগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদ (২৫) আর বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের মোস্তফা ফকির (৪৮) ও মেনেপাড়া গ্রামের ইসমাইল বিশ্বাস (৪৯)।ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, আগে থেকেই পুলিশের কাছে এ ধরনের একটি দলের আসার বিষয়ে তথ্য ছিল।
সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় দুই ব্যক্তি ও বরগুনা থেকে আসা দুজনকে একসঙ্গে আটক করা হয়।
সূত্র: প্রথম আলো