‘অনেকেই বলে স্বেচ্ছাসেবী সংগঠন করলে পড়ালেখার মান ভালো হয় না। আমি এটা বিশ্বাস করি না। ভালো কাজের সঙ্গে থেকেও পড়ালেখা করা যায়। ভালো ফল করা যায়। আমি সপ্তম শ্রেণি থেকেই প্রথম আলো বন্ধুসভা করি। সংগঠনে নিয়মিত কাজ করেছি, সময় দিয়েছি। পড়াশোনাও করেছি। স্কুল করেছি, প্রাইভেট পড়েছি, কোচিংও করেছি। এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ অর্জন করেছি। আমার আগেও আমাদের অনেক ভাইয়া-আপু প্রথম আলো বন্ধুসভা করেছে। তারাও জিপিএ-৫ পেয়েছে।
তাদের কেউ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ারসহ নানা পেশায় যুক্ত রয়েছে। তাই আমি বলি, মানবিক মানুষ হতে হলে স্বেচ্ছাসেবী সংগঠন করতে হবে। সমাজসেবায় এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।’৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে এ কথাগুলো বলে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।
শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো