ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশী নারীরা ফরম সংগ্রহ করতে পারবেন।বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই কার্যালয়ে জমা দিতে হবে।
সেদিনও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ওই দিনই তাঁর আসন (সংরক্ষিত নারী আসন-২৩) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসনটি সংরক্ষিত নারী আসন-২৩ হিসেবে পরিচিত।
সূত্র: প্রথম আলো