চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের হাজীপাড়ায় একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন। হঠাৎ সেখানে এসে থামে কালো রঙের একটি নোহা মাইক্রোবাস। গাড়ি থেকে নেমে কয়েকজন যুবক ব্যাগ থেকে অস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও আফতাবকে লক্ষ্য করে গুলি করা হয়।
এরপর আরও ৮ থেকে ১০ মিনিট ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে করতে ঘটনাস্থল ছাড়ে হামলাকারীরা।২০২৪ সালের ২১ অক্টোবরের এ হত্যাকাণ্ড ঘটে। প্রায় দুই বছর পর গত বুধবার আদালতে দেওয়া মামলার অভিযোগপত্রে উঠে এসেছে এমন বিবরণ। চান্দগাঁও থানা-পুলিশ এ মামলায় চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
এতে বিদেশে পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলীর অনুসারী মো. সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন, বোরহান উদ্দিনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।পুলিশের তদন্তে বলা হয়েছে, ইট-বালুর ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আফতাবকে হত্যা করা হয়।
সূত্র: প্রথম আলো