হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি।’ তিনি আরও উল্লেখ করেন, এ দেশের বিভিন্ন ধর্মের নাগরিকেরা স্বাধীনভাবে ধর্মচর্চা করবেন এবং সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতা-কর্মীরা সবার প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সহযোগিতার হাত প্রসারিত করবেন।
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বিবৃতিতে জানানো হয়।
সূত্র: প্রথম আলো