ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকের আশঙ্কা, আজ শুক্রবার বিকেলে রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর আগেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে দিপকে তাঁর এই শঙ্কার কথা জানান।দিপকে বলেন, ‘দিল্লিতে যেখানে আছি, তার চারদিকে সাদাপোশাকের পুলিশ ঘুরঘুর করছে। নম্বরপ্লেটহীন গাড়ি অনবরত ঘুরে যাচ্ছে। বাড়ির রক্ষীদের সঙ্গে বারবার কথা বলছে।
তিনি যেখানে যাচ্ছেন, তাঁকে অনুসরণ করা হচ্ছে।’সিজেপির প্রতিষ্ঠাতাপ্রধান আরও বলেন, ‘মনে হচ্ছে, শুক্রবার বিকেলের আগেই আমাকে গ্রেপ্তার করা হবে। দেশের জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে যদি কারাগারে যেতে হয়, তাহলে আমি প্রস্তুত।’গতকাল দুপুরে দিল্লির প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে অভিজিৎ দিপকে, বাম ছাত্রসংগঠনের নেতা–নেত্রী, নাগরিক সমাজের বিশিষ্ট লোকজন ও সমভাবাপন্ন সংগঠন শুক্রবার বিকেলে তেরঙ্গা পতাকা ওড়ানোর কর্মসূচির কথা জানান।
রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের অভ্যন্তরে সেন্ট্রাল পার্কে বিকেল পাঁচটায় ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দিপকে দলমত–নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানান।দিপকে বলেন, যাঁরা আসতে পারবেন না, তাঁরা নিজের নিজের এলাকায় জাতীয় পতাকা তুলবেন।
সূত্র: প্রথম আলো