রাজধানীর গুলশানের একটির ‘রেস্টহাউসে’ গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।ডিএনসির পক্ষ থেকে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়। ডিএনসি বলছে, গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত রেস্টহাউসটির কোনো বার লাইসেন্স নেই। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ–বিয়ার মজুত করছিল।
এগুলো পাইকারি ও খুচরা বিক্রি করছিল। তারা টিকিট বিক্রি করে ‘ডিজে পার্টি’ আয়োজন করত। এসব পার্টিতে অংশ নেওয়া ব্যক্তিদের বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো।ডিএনসি সূত্র বলছে, এ–সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে রেস্টহাউসটিতে অভিযান চালানো হয়। ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিএনসির একাধিক দল অংশ নেয়।
রেস্টহাউস থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২৩ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়।
সূত্র: প্রথম আলো