চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সদস্যরা।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮ ০০ গ্রাম গানপাউডার, দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এসআরবির চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এসব ককটেল ও বিস্ফোরক মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো