মুসলিমদের লক্ষ্য করে গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান দিয়েছিলেন স্পেনের একদল সমর্থক। গত মার্চের সেই ঘটনায় এবার শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রেখে খেলতে হবে স্পেনকে। পাশাপাশি ২০ হাজার ডলার জরিমানাও করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে।
ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। প্রথমার্ধের প্রায় ১০ মিনিটের সময় স্পেনের একদল সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন স্লোগান দিতে শুরু করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই স্লোগান শোনা যায়।ঘটনার পর স্টেডিয়ামের বড় পর্দায় বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে দর্শকদের সতর্ক করা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই বার্তা প্রচার করা হয়।
তবে গ্যালারির কিছু অংশ থেকে এ সময় দুয়ো দেওয়া হয়।ঘটনার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা।
সূত্র: প্রথম আলো