রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় মো. শাহজাহান (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী নারী ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শুক্রবার বেলা দুইটার দিকে রাজশাহী নগরের তালাইমারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ ওই শিক্ষার্থীকে আটক করলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত ব্যক্তিকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নিহত শাহজাহান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন।
সূত্র: প্রথম আলো