সন্ধ্যা নামতেই পুকুরপাড়ের অন্ধকারে জ্বলে উঠল আলো। দেখা গেল, বিশাল আকৃতির দুটি সাপ—একটি শাঁখামুটি, অন্যটি গুই। পাশে বেজি, গন্ধগোকুল, ভোঁদড়, কাঠবিড়ালি, কুমির, মদনটাক, প্রজাপতি, ফড়িং, রুই-কাতলাসহ নানা প্রাণী। এগুলো বাঁশ ও কাপড়ের তৈরি।শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার সোনাপাতিলা গ্রামের পুকুরপাড়ে এমন দৃশ্যের দেখা পাওয়া যায়। স্থানীয় গ্রামের ৫০ জন বাসিন্দা মিলে তৈরি করেছেন এসব প্রাণীর অবয়ব।
শিল্পীদের মধ্যে অধিকাংশই নারী। পরে এগুলো প্রদর্শন করা হয়। দুর্গাপূজার উৎসব ঘিরে সেখানে সাংস্কৃতিক অনুশীলনধর্মী প্ল্যাটফর্ম ‘গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্টস’ হারিয়ে যেতে বসা এসব প্রাণীর প্রদর্শনীর আয়োজন করেছে।
‘গিদরী বাউলি’ মূলত প্রান্তিক ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে সমসাময়িক শিল্পীদের মেলবন্ধন তৈরি এবং গ্রামীণ লোকশিল্প-সংস্কৃতি সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।শরতের শেষ বিকেলে সূর্যের আলো যখন হারিয়ে গেল, তখন পুকুরপাড়ে জ্বলে ওঠে প্রাণীগুলোর ভেতরের আলো।
সূত্র: প্রথম আলো